বুধবার (৩ জুন) ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, এ হামলা চালিয়েছে ইরান।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা (KUNA) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় ‘কয়েকজন’ আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন। হামলায় বিমানবন্দরের টার্মিনাল–১ ভবনেরও ক্ষতি হয়েছে।
ঘটনার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ও আকাশপথে চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
টার্মিনাল–১ ভবনটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রধান কেন্দ্র। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের এক হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মেরামতের পর মাত্র সোমবার (১ জুন) পুনরায় চালু করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নতুন এই হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে এবং বিমান চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এর আগে মার্কিন সামরিক বাহিনী দাবি করে, তারা ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে এবং কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার দাবি করছে।
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।
শীর্ষনিউজ