যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কূটনীতির টেবিলে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রেজাই বলেন, নৌ-অবরোধ অব্যাহত রাখা এবং আলোচনায় ক্রমাগত নতুন ও কঠোর শর্ত আরোপের মাধ্যমে ট্রাম্প ‘তৃতীয়বারের মতো কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করছেন।
তিনি আরও দাবি করেন, ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ প্রমাণ করে যে তিনি প্রকৃত অর্থে আলোচনায় আগ্রহী নন। বরং আলোচনার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছেন।
রেজাই'র এমন মন্তব্য এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনাও অব্যাহত রয়েছে।
এদিকে, ইরানের সঙ্গে শান্তি চুক্তি 'না' হলে আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে তিনি বলেন, প্রয়োজন হলে পুনরায় হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। এ ধরনের অভিযানের জন্য পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার দেশটির হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
হেগসেথ বলেন, 'প্রয়োজনে আমরা আবারও অভিযান শুরু করতে পারি। আমাদের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মোতায়েন থাকা আমাদের অস্ত্রভাণ্ডার এ ধরনের পদক্ষেপের জন্য যথেষ্ট।'