মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং পাকিস্তানের নেতৃত্বে চলা কূটনৈতিক মধ্যস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উত্তেজনা কমানোর বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করা হয়েছে। বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
দুই নেতা চলমান সংকট সমাধানে সংলাপ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। একই সঙ্গে সমুদ্রপথে নিরাপদ নৌ চলাচল, গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় কাতারের আমির পুনর্ব্যক্ত করেন যে, কাতার সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে।
শীর্ষনিউজ