Image description

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইরান আজ শনিবারের মধ্যেই একটি চুক্তি মেনে নিতে পারে—এমন সম্ভাবনা রয়েছে। এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার করতে পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান তেহরানে পৌঁছেছেন। এ ছাড়া ‘সরকার-সংক্রান্ত পরিস্থিতির’ কারণে হঠাৎ করে ছেলের বিয়েতে যোগ না দিয়ে ওয়াশিংটনে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আলোচনা স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে বলে তৈরি হয়েছে জল্পনা।

রুবিও বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে পারেন—এ সম্ভাবনাও তিনি নাকচ করেননি।

ভারত সফরে গিয়ে নিউদিল্লিতে সাংবাদিকদের তিনি বললেন, ‘আজকের দিনেই কিছু খবর আসতে পারে। নাও আসতে পারে। তবে আমি আশা করি আসবে।’

ভারতে প্রথমবার সফরে থাকা রুবিও যোগ করেন, ‘কিছু অগ্রগতি হয়েছে, আলোচনা এগিয়েছে। আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময়ও কিছু কাজ চলছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আজ পরে, আগামীকাল কিংবা কয়েক দিনের মধ্যেই হয়তো আমাদের কিছু বলার থাকবে।’

রুবিও আবারও যুক্তরাষ্ট্রের দাবি পুনর্ব্যক্ত করেন, ইরানকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। একই সঙ্গে তেহরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামও হস্তান্তর করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

রুবিও বললেন, ‘এ ধরনের সমস্যার সমাধান সবসময়ই আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে করতে চান ট্রাম্প। আমরা এখন সেটিই করার চেষ্টা করছি।’

তবে তিনি সতর্ক করেন, ‘কিন্তু প্রেসিডেন্ট যেমন স্পষ্ট করে বলেছেন, একভাবে বা অন্যভাবে এই সমস্যার সমাধান হবেই।’