Image description

ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শাভুওত’ উপলক্ষে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে ধর্মীয় আচার বা উৎসর্গ করার চেষ্টার অভিযোগে ১৩ জন ইহুদি তরুণকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। 

 

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) আটক করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পবিত্র চত্বরে প্রবেশ করে তাদের ধর্মীয় আচার সম্পন্ন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। তবে পূর্বের ঘটনাগুলোর মতো এবার কোনো পশু উৎসর্গের চেষ্টা করা হয়নি বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল।’  

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট-জানায়, এবারের সন্দেহভাজনরা পশুর পরিবর্তে সাথে করে বড় বড় পাউরুটি বা রুটি নিয়ে এসেছিলেন।

ইহুদিদের কৃষিভিত্তিক ও ফসল কাটার উৎসব শাভুওত-এ সদ্য ঘরে তোলা গম থেকে তৈরি রুটি উৎসর্গ করার একটি ঐতিহাসিক ধর্মীয় রীতি রয়েছে। প্রায় দুই হাজার বছর আগে এই স্থানে ইহুদিদের দুটি মন্দির বা টেম্পল  রোমানরা  ধ্বংস করার পর থেকে মূলধারার ইহুদিদের মধ্যে এই ধরণের কোরবানি বা উৎসর্গ করার কোনো ধর্মীয় অনুশীলন নেই। তবে প্রতি বছরই কিছু কট্টরপন্থী ইহুদি গোষ্ঠী এই প্রাচীন প্রথাটি পুনরায় চালু করার উদ্দেশ্যে এখানে প্রবেশের চেষ্টা করে থাকে। 

মূলত আল-আকসা মসজিদ এবং ডোম অব দ্য রকের জায়গায় তৃতীয় একটি ইহুদি মন্দির নির্মাণের স্বপ্ন দেখা কট্টরপন্থী গোষ্ঠীগুলোর সাথে এই তরুণরা যুক্ত বলে জানা গেছে।

এই ঘটনার মাত্র এক মাস আগে এবং মে মাসের শুরুর দিকেও আল-আকসা প্রাঙ্গণে ছাগল এনে কোরবানি দেওয়ার চেষ্টার অভিযোগে যথাক্রমে ১৪ জন এবং ২১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের সবচেয়ে পবিত্র এই ঐতিহাসিক স্থানটি দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাতের একটি প্রধান কেন্দ্রবিন্দু। সেখানে অমুসলিম বা ইহুদিদের জন্য প্রকাশ্যে প্রার্থনা এবং কোনো ধরণের পশু বা সামগ্রী উৎসর্গ করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। 

 

 

 

যদিও ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির দীর্ঘদিন ধরে সেখানে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছেন যে এই বিতর্কিত চত্বরের দীর্ঘদিনের স্থিতাবস্থা বা নিয়মের কোনো পরিবর্তন করা হয়নি।

পবিত্র স্থানে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে ইসরাইলের মূলধারার ধর্মীয় নেতারাও একমত নন। অনেক ইহুদি ধর্মীয় আইনের অভিভাবক মনে করেন, সাধারণ ইহুদিদের জন্য এই পবিত্র চত্বরে পা রাখাই আইনত নিষিদ্ধ। ওয়েস্টার্ন ওয়ালের প্রধান রাব্বি শ্মুয়েল রাবিনোভিচ ইতোপূর্বে এই বিষয়ে পরিষ্কার করে জানিয়েছেন যে আল-আকসা প্রাঙ্গণে কোনো কিছু উৎসর্গ করার এই প্রচেষ্টা ইসরাইলের প্রধান রাব্বিনেটের (সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ) আনুষ্ঠানিক সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী এবং বেআইনি।

সূত্র: টাইমস অব ইসরাইল।