হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি ওই এলাকায় একটি ‘নিয়ন্ত্রিত নৌ অঞ্চল’ (কন্ট্রোলড মেরিটাইম জোন) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রণালিটি পরিচালনার দায়িত্বে থাকা এই কর্তৃপক্ষ অঞ্চলটির সীমানা নির্ধারণ করে দিয়েছে। তাদের ঘোষণা অনুযায়ী, হরমুজ প্রণালির পূর্ব দিকে ইরানের কুহ-ই মোবারক এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দক্ষিণ ফুজাইরাহ সংযোগকারী রেখা থেকে শুরু করে পশ্চিম দিকে ইরানের কেশম দ্বীপের শেষ প্রান্ত এবং ইউএই-এর উম্ম আল কোয়াইন সংযোগকারী রেখা পর্যন্ত এই নিয়ন্ত্রিত অঞ্চলটি বিস্তৃত থাকবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার জন্য এই নির্ধারিত অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াত করতে এখন থেকে সংস্থার আগাম সমন্বয় এবং অনুমোদনের প্রয়োজন হবে।