Image description

গাজামুখী ফ্লোটিলা থেকে আটক কর্মীদের প্রতি ইসরাইলি মন্ত্রী ইতামার বেন-গ্যভিরের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও জেফ বার্কলি।

তারা বলেছেন, এই ঘটনা ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের সামগ্রিক আচরণেরই বহিঃপ্রকাশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিনেটর বার্কলি বলেন, ‘আটককৃতদের প্রতি বেন-গ্যভিরের এই আচরণ ঘৃণ্য ও অমানবিক।’

তিনি আরো বলেন, ‘যখন আমরা গাজার ধ্বংসপ্রাপ্ত জনপদ এবং সেখানকার মরিয়া পরিবারগুলোর ছবি দেখি, তখন আমরা বুঝতে পারি মানুষ কেন প্রতিবাদে অংশ নিতে উদ্বুদ্ধ হয়।’

এদিকে ক্যামেরার সামনে যদি বেন-গ্যভির এমন আচরণ করতে পারেন, তবে আড়ালে আটক বন্দীদের সঙ্গে তিনি কত দূর যেতে পারেন-তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন।

ভ্যান হোলেন বলেন, ‘ক্যামেরা সচল আছে জানা সত্ত্বেও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেন-গ্যভির আটককৃতদের সঙ্গে এমন আচরণ করছেন, তাহলে বন্ধ দরজার পেছনে ফিলিস্তিনিদের সঙ্গে কী ঘটে, তা বলাই বাহুল্য।’

এই আচরণকে 'জঘন্য' আখ্যা দিয়ে তিনি বলেন, ‘অনেক আগেই যুক্তরাষ্ট্রের উচিত ছিল তার (বেন-গ্যভির) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।’

ডেমোক্র্যাট দলীয় এই দুই সিনেটর দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করছেন। গাজা উপত্যকায় ইসরাইলি অবরোধের চিত্র তুলে ধরতে এর আগে তারা রাফা সীমান্তও পরিদর্শনে গিয়েছিলেন। সূত্র: আলজাজিরা

শীর্ষনিউজ