Image description

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ও তার দল টিভিকে সরকারের মেয়াদ ছয় মাসের বেশি হবে না বলে মন্তব্য করেছেন ডিএমকের জ্যেষ্ঠ নেতা অনিথা রাধাকৃষ্ণন।

রোববার দক্ষিণ তামিলনাড়ুতে এক দলীয় অনুষ্ঠানে তিনি দাবি করেন, বর্তমান সরকার আর মাত্র কয়েক মাস টিকবে এবং পরে আবারও ক্ষমতায় ফিরবেন ডিএমকে নেতা এম. কে. স্টালিন।

অনুষ্ঠানে রাধাকৃষ্ণন বলেন, এই সরকার আর চার থেকে ছয় মাস টিকবে। এরপর আবার আমাদের নেতা স্টালিনই মুখ্যমন্ত্রী হবেন।

 
 

তিনি টিভিকে নেতা আধব অর্জুনাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সাহস থাকলে এমএলএ পদ ছেড়ে তিরুচেন্দুর আসনে তার বিরুদ্ধে নির্বাচন করতে হবে। রাধাকৃষ্ণনের দাবি, তিরুচেন্দুর তাদের শক্ত ঘাঁটি এবং সেখানে যেকোনো প্রতিদ্বন্দ্বীকে হারানো সম্ভব।

তিরুচেন্দুর আসনটি গত প্রায় ২৫ বছর ধরে রাধাকৃষ্ণনের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি প্রথম ২০০১ সালে নির্বাচিত হন এবং পরে ডিএমকের হয়ে আসনটি ধরে রাখেন।

তিনি আরও বলেন, স্টালিন কোলাথুর এলাকাকে সিঙ্গাপুরের মতো উন্নত করেছিলেন। তবে সাম্প্রতিক নির্বাচনে স্টালিন নিজের শক্ত ঘাঁটি কোলাথুরে পরাজিত হন। সেখানে জয় পান টিভিকে-তে যোগ দেওয়া সাবেক ডিএমকে নেতা ভি. এস. বাবু।

এদিকে রাধাকৃষ্ণনের মন্তব্যের বিষয়ে এখনো টিভিকে বা মুখ্যমন্ত্রী বিজয়ের কার্যালয় থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত এপ্রিলে তামিলনাড়ুর নির্বাচনে টিভিকে বড় ধরনের চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। পরে কংগ্রেস, বাম দল ও বিদুথালাই চিরুথাইগাল কাছির সমর্থনে সরকার গঠন করে দলটি। এরপর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়। সূত্র : এনডিটিভি