Image description

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে ভিন্নধর্মী বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হাজার বছরের পুরোনো ঐতিহাসিক ‘আবারকুহ সাইপ্রেস’ গাছের ছবি প্রকাশ করে ইরানি সভ্যতার গভীর ইতিহাস ও স্থায়িত্বের বিষয়টি তুলে ধরেছেন।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৭ মে) দেওয়া পোস্টে পেজেশকিয়ান উল্লেখ করেন, এই প্রাচীন বৃক্ষ ইরানের দীর্ঘস্থায়ী সভ্যতা, সংস্কৃতি ও দৃঢ়তার প্রতীক। তার মতে, হাজার বছরের নানা পরিবর্তনের মধ্যেও গাছটি টিকে আছে, যা ইরানের ইতিহাস ও ঐতিহ্যের শক্ত ভিত্তিকে প্রকাশ করে।

‘জোরোস্ট্রিয়ান সার্ভ’ বা ‘সার্ভ-ই আবারকুহ’ নামে পরিচিত এই গাছটি ইরানের আবারকুহ অঞ্চলে অবস্থিত। উদ্ভিদবিদদের ধারণা অনুযায়ী, গাছটির বয়স প্রায় ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ বছর। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জীবন্ত বৃক্ষ হিসেবে পরিচিত।

প্রায় ২৫ মিটার উঁচু এই গাছটির কাণ্ডের পরিধি প্রায় ১১ দশমিক ৫ মিটার। শতাব্দীর পর শতাব্দী পার হলেও গাছটি এখনও সবুজ ও জীবন্ত রয়েছে, যা পারস্য সভ্যতার স্থায়িত্ব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ঘিরে বাড়তে থাকা রাজনৈতিক ও সামরিক চাপের মধ্যেই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই পোস্ট বিশেষ তাৎপর্য বহন করছে। তারা মনে করছেন, এই প্রতীকী বার্তার মাধ্যমে ইরান তার ইতিহাস, সংস্কৃতি এবং টিকে থাকার সক্ষমতার বিষয়টি বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চেয়েছে।

শীর্ষনিউজ