হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাবের কড়া সমালোচনা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু চং প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে একে অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কোনো প্রস্তাব সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে না। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য উঠলে চীন ও রাশিয়া যৌথভাবে ভেটো দিতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ খসড়া প্রস্তাবে ইরানকে হরমুজ প্রণালিতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে সংশ্লিষ্ট কূটনীতিকদের মতে, প্রস্তাবটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম।
এর আগে গত মাসেও একই ধরনের একটি মার্কিন-সমর্থিত প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। তখন দুই দেশই অভিযোগ করেছিল, প্রস্তাবের ভাষা একপেশে এবং এতে ইরানের ওপর একতরফাভাবে দায় চাপানো হয়েছে।
জাতিসংঘবিষয়ক সংবাদমাধ্যম পাসব্লু প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফু চং বলেন, ‘আমরা মনে করি না প্রস্তাবটির বিষয়বস্তু সঠিক। একই সঙ্গে এর সময় নির্বাচনও মোটেও উপযুক্ত নয়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বা নিন্দা প্রস্তাব আনার পরিবর্তে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফেরানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
চীনের এই রাষ্ট্রদূতের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল লক্ষ্য হওয়া উচিত কূটনৈতিক সংলাপের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান নিশ্চিত করা।
তিনি সতর্ক করে বলেন, ‘এমন জটিল সময়ে নিরাপত্তা পরিষদে তড়িঘড়ি করে কোনো প্রস্তাব পাস করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।’
চীনের কঠোর অবস্থানের ফলে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ঘিরে জাতিসংঘে পরাশক্তিগুলোর কূটনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।