ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে মানবিক সহায়তা মিশনে থাকা জাতিসংঘের একটি গাড়িতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপত্তা ঝুঁকি আরো বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার ওই গাড়িতে দুই দফায় এই হামলা চলানো হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থার (ওসিএইচএ) একটি যানবাহনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, ‘রুশ বাহিনী কোন গাড়িকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা না জানার কোনো সুযোগ ছিল না।’
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, হামলার সময় গাড়িটিতে সংস্থাটির প্রধানসহ মোট নয়জন কর্মী ছিলেন।
ঘটনার বিষয়ে তাৎক্ষণিক রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, খেরসন অঞ্চলটি দীর্ঘদিন ধরেই রুশ ও ইউক্রেনীয় বাহিনীর সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।