যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে শিশুতোষ বইয়ের লেখক কৌরি রিচিনস তার স্বামীকে ফেন্টানিল মেশানো পানীয় খাইয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বুধবার আদালত তাকে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মামলাটি যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। রায় ঘোষণার সময় বিচারক রিচার্ড মার্জিক বলেন, তিনি মামলার পুরো পরিস্থিতি, অপরাধের ভয়াবহতা এবং এর প্রভাব যাচাই করেছেন।
বিশেষ করে তিনি দম্পতির তিন সন্তানের ওপর প্রভাব বিবেচনা করেছেন। আদালতের নথিতে দেখা যায়, ওই দম্পতির সন্তানরাই তাদের মায়ের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছিল। তারা জানায়, তারা নিজেদের মাকেই ভয় পায়। বিচারক বলেন, কম সাজা হলেও রিচিনস সম্ভবত ৬৬ বছর বয়সের আগে মুক্তির সুযোগ পেতেন না। তিনি আরও বলেন, এই রায়ের ফলে রিচিনস আগামী তিন দশক বা তারও বেশি সময় কারও ক্ষতি করতে পারবেন না।
বিচারক নিহতের তিন সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন। তবে তিনি আশা প্রকাশ করেন, একদিন নিহত এরিক রিচিনসের পরিবারের সদস্যরা শান্তি খুঁজে পাবেন। রায় ঘোষণার আগে আদালতে উপস্থিত সবাইকে শান্ত থাকার নির্দেশ দেন বিচারক। তিনি আরও মন্তব্য করেন, কৌরি রিচিনস এতটাই বিপজ্জনক যে তার কখনও মুক্ত অবস্থায় থাকা উচিত নয়।