২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলায় জড়িত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড এবং প্রকাশ্য বিচারের বিধান রেখে ইসরাইলি পার্লামেন্টে (নেসেট) একটি বিল পেশ করেছেন দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন।
ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে।
নেসেটে আজ এই বিলটির ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সরকারি ও বিরোধী উভয় পক্ষের দলগুলোই বিলটির প্রতি সমর্থন জানিয়েছে।
বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, ‘যেহেতু মৃত্যুদণ্ড দেওয়ার পূর্ণ কর্তৃত্ব রয়েছে, তাই এ ধরনের কোনো দণ্ড দেওয়া হলে তা কার্যকরও করা হবে।’
তিনি আরো জানান, এই বিচারের আওতায় শতাধিক অভিযুক্ত রয়েছেন। সেনাবাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে এবং দ্রুতই এই বিচার কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে গত এপ্রিলেও প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে একটি একতরফা বিল এনেছিল ইসরাইল।
নেসেট সংবিধান কমিটির চেয়ারম্যান সিমচা রথম্যান বলেন, ‘এই আইনের মাধ্যমে ইসরাইলের শত্রুদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানো হচ্ছে।’
তিনি বলেন,‘ইসরাইল রাষ্ট্র চুপ করে বসে থাকবে না, তারা কিছু ভুলবেও না বা ক্ষমাও করবে না। আইনের সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ডের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া হবে।’
প্রস্তাবিত এই বিলের আওতায় বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে, যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ক্ষতি এবং সন্ত্রাসবাদের মতো অভিযোগ আনা হবে। সাজাপ্রাপ্তদের কোনো ধরনের বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি না দেওয়ার বিধানও রাখা হয়েছে এই বিলে।
সূত্র: আলজাজিরা