Image description

ইউল্যাব মাঠে মোহামেডান ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচটি গড়ায় রিজার্ভ ডেতে। আগের দিন নাঈমের ছক্কা বৃষ্টিতে বড় সংগ্রহ করে রেখেছিল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচটি গড়ায় রিজার্ভ ডেতে। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৫ রানে অলআউট হয় রূপগঞ্জ।
দলটিকে অল্প রানে গুটিয়ে দেওয়ার কৃতিত্ব মৃত্যুঞ্জয় চৌধুরীর। শুরুতে নাঈমের সেঞ্চুরি এবং পরে মৃত্যুঞ্জয়ের গতিতে ২০০ রানের বড় জয় পায় মোহামেডান।
টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল মোহামেডান।

রবিবার ইউল্যাব ক্রিকেট মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ চার ও ১২টি ছক্কায় ১৩৬ বলে ১৪৫ রানের ইনিংস খেলেন নাঈম শেখ।

তার ব্যাটের ওপর ভর করে ৬ উইকেটে ৩৪৫ রানের বড় পুঁজি পায় মোহামেডান।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা সময় নেন নাঈম। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে গড়েন ৭৮ রানের জুটি। ৪ চার ও ২ ছক্কায় ৫৬ বলে ৪৬ রান করে আউট হন ইমন। হাফ সেঞ্চুরি ছুঁয়েই শুরু করেন তাণ্ডব। সেখান থেকে সেঞ্চুরি ছুঁতে তার লাগে আর মাত্র ৩৭ বল। পরে আরও ১৬ বলে নেন ৪৫ রান। পঞ্চম উইকেটে ইয়াসির আলী রাব্বির সঙ্গে মিলে মাত্র ৭৪ বলে ১২৪ রানের জুটি গড়েন নাঈম। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করে ৫ চার ও ১২ ছক্কায় ১৪৫ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা মারতে পেরেছেন শুধু সৌম্য সরকার। ২০১৮-১৯ মৌসুমের লিগে আবাহনী লিমিটেডের হয়ে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন সৌম্য।

দ্বিতীয় ইনিংসে রূপগঞ্জ টাইগার্স ১৬.৫ ওভারে ৫ উইকেটে ৫৩ রান করার পর বন্ধ হয়ে যায় খেলা। সেখান থেকেই সোমবার আবার শুরু হয় ম্যাচ। তবে বেশিদূর এগুতে পারেনি রূপগঞ্জ। ৩৪.৫ ওভারে ১৪৫ রান তুলতেই অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৩৬ রান আসে সজিব মিয়ার ব্যাট থেকে।

মূলত মোহামেডানের পেসার মৃত্যুঞ্জয়ের গতির কাছে পরাস্ত হতে হয় রূপগঞ্জের ব্যাটারদের। ৫ উইকেট নেন এই পেসার। এছাড়া রিশাদ হোসেন নেন তিনটি উইকেট।