Image description

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যজুড়ে বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। এরমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের সমর্থক থেকে শুরু করে ভিন্ন মতের লোকজনকে হেনস্তার অভিযোগ উঠেছে উগ্রপন্থিদের বিরুদ্ধে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে টেনেহিঁচড়ে হেনস্তা করা হচ্ছে। জোর করে দেওয়ানো হয় ‘জয় শ্রীরাম’ স্লোগান।

 

ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনে পরোটা বিক্রেতা রাজুকে একদল টানাহেঁচড়া করছে। ওই সময় তার পরনে ছিল কালো টি-শার্ট। একটা পর্যায়ে তার টি-শার্টটিও খুলে নেওয়া হয়।

 

পরে তাকে ট্রেন থেকে নামিয়ে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়। ওই সময় রাজুকে ভীতিকর পরিস্থিতির মধ্যে দেখা যায়।

 

 

শুভ কর্মকার নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে। আরও কিছু ভিডিওতে দেখা যায়, মারধরের পর রাজুকে জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

 

হামলাকারীদের অভিযোগ, রাজু মন্দিরের পাশে বসে আমিষ জাতীয় খাবার খেয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়েছেন। তাদের মতে, রাজুর জয় শ্রীরাম স্লোগান দেওয়া উচিত ছিল।

 

 

 

 

বিধানসভা নির্বাচনের আগে একটি ভিডিওতে দেখা যায়, রাজু স্লোগান দিতে অস্বীকৃতি জানান। পরে তিনি উল্টো জয় বাংলা স্লোগান দেন। এতে তিনি তৃণমূলকে সমর্থন করেছেন বলে ধারণা হামলাকারীদের।

 

স্থানীয়দের বরাতে জানা য়ায়, ব্যক্তিগতভাবে রাজু রাজনীতিতে সক্রিয় না। তবে তিনি সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন। এই রেশ ধরে নির্বাচনের পর তাকে গত কয়েকদিন ধরে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানা গেছে।

 

এরই পরিপ্রেক্ষিতে তাকে যাত্রীবাহী ট্রেনের ভেতর শারীরিকভাবে লাঞ্ছিত করা হলো।