Image description

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীর হিসেবে শপথ নিয়েছে শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। শপথ গ্রহণ উদযাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জনগণের সামনে করজোড়ে মাথা নত করেন। সেই সঙ্গে বাংলার জনগণকে প্রণাম জানান।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানে এনডিএ-র বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতাসহ হাজার হাজার বিজেপি সমর্থক উপস্থিত ছিলেন। এটি পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের এক ঐতিহাসিক সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী মঞ্চ থেকে উল্লাসিত হাজার হাজার জনতার উদ্দেশে হাত নাড়েন। বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে করজোড়ে মাথা নত করেন।

সেই মুহূর্তে অধিকারী এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।

শনিবার (৯ মে) নিজের স্যোশাল প্লাটফর্মে সেই মুহূর্তটির একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানাই! জনগণের আশীর্বাদই গণতন্ত্রের প্রকৃত শক্তি এবং জনসংকল্পের মহত্তম উৎস।’

বিজেপির অফিশিয়াল এক্স পেইজে ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘বাংলার মাটি থেকে, এর মানুষের পক্ষ থেকে অগণিত অভিবাদন ও আন্তরিক ধন্যবাদ। এই দৃশ্যটি বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের ওপর বাংলার জনগণের রাখা আস্থার প্রতি শ্রদ্ধাঞ্জলি।