Image description

হরমুজ প্রণালিতে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর এই ফুটেজ প্রকাশ করে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর ইরানি বাহিনীর সঙ্গে গোলাগুলির পর ট্যাংকার দুটি অকেজো করে দেওয়া হয়। এর ফলে জাহাজগুলো ওমান উপসাগরের বন্দরে পৌঁছাতে পারেনি।

পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানের লক্ষ্য ছিল জাহাজগুলোকে তাদের গন্তব্যে পৌঁছাতে বাধা দেওয়া।

সংশ্লিষ্ট ভিডিওতে দেখা গেছে, মার্কিন বাহিনীর হামলার শিকার হওয়ার পর ট্যাংকারগুলো বিকল হয়ে পড়ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো ‘কার্যকর’ রয়েছে। তবে তেহরান অভিযোগ করেছে, ওয়াশিংটন হামলা চালিয়ে এই সমঝোতা লঙ্ঘন করছে।

যুদ্ধবিরতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই সমঝোতা এখনো অটুট আছে।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে বলা হয়েছে, ওয়াশিংটন তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সম্প্রতি দুই দেশের মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতির কারণে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা