ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয় পেলেও এখনই পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমুল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) কালিঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
এখনই পদত্যাগ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?
নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে মমতা বলেন, ‘কমিশন পক্ষপাতদুষ্ট, বিচারব্যবস্থা নেই, কেন্দ্রীয় সরকার এক দলের শাসন চায়, তখন গণতন্ত্র কোথায় যাবে?
কমিশনের সাহায্যে ১০০-র বেশি আসন লুট করা হয়েছে অভিযোগ করে মমতা বলেন, ‘ওরা এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।’
দলের নির্বাচিত নেতারা তৃণমূলের পাশেই আছেন বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।’