Image description

যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা জ্যাক রিড অভিযোগ করেছেন যে, ইরান যুদ্ধে নিজের সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক এক দাবির তীব্র বিরোধিতা করে তিনি এই মন্তব্য করেন।

গত সপ্তাহে হেগসেথ দাবি করেছিলেন যে, ইরান যুদ্ধের বর্তমান যুদ্ধবিরতি ৬০ দিনের সেই সময়সীমার মধ্যে একটি "বিরতি" বা "পজ" হিসেবে গণ্য হবে, যে সময়ের মধ্যে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়াই বিদেশে শক্তি প্রয়োগ করতে পারেন।

রবিবার এবিসি-র "দিস উইক" অনুষ্ঠানে রোড আইল্যান্ডের সিনেটর জ্যাক রিড বলেন, "সংবিধানে ফুটবল খেলার মতো কোনো 'টাইম-আউট' বা বিরতির বিধান নেই। প্রেসিডেন্টকে অবশ্যই আইন মেনে চলতে হবে।"

১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ার অ্যাক্ট’ উল্লেখ করে রিড জানান, যদি প্রশাসন মনে করে যে নিরাপদ সেনা প্রত্যাহারের জন্য বাড়তি সময় প্রয়োজন, তবে ৬০ দিনের এই সময়সীমা আরও ৩০ দিন বাড়ানো যেতে পারে। তবে সেক্ষেত্রে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হবে। রিড অভিযোগ করেন, "আমাদের কোনো কিছুই জানানো হয়নি। প্রেসিডেন্ট আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।"

এর আগে গত শুক্রবার ট্রাম্প কংগ্রেসের নেতাদের কাছে একটি চিঠিতে দাবি করেছিলেন যে, যুদ্ধবিরতি শুরুর সাথেই সংঘাতের "সমাপ্তি" ঘটেছে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থানকেই চ্যালেঞ্জ জানিয়েছেন রিড।

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উদাহরণ টেনে রিড বলেন, বুশের ইরাক আক্রমণের সিদ্ধান্তের সাথে তিনি একমত না থাকলেও, বুশ প্রশাসন কংগ্রেসের কাছে গিয়েছিল এবং মতামত প্রকাশের সুযোগ দিয়েছিল। এর ফলে তার পদক্ষেপের একটি বৈধতা ছিল, যা বর্তমান প্রেসিডেন্টের (ট্রাম্প) ক্ষেত্রে অনুপস্থিত।