মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে ‘বড় ধরনের ছাড়’ দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে জ্যঁ-নোয়েল বলেন, তেহরান যদি তাদের বর্তমান অবস্থানের ‘আমূল পরিবর্তন’ না করে, তবে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
জ্যঁ-নোয়েল আরও বলেন, ইরানের উচিত তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ নিশ্চিত করা। এ ধরনের পরিবর্তন দেশটির সাধারণ মানুষকে তাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।
বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও আলোচনা অনেকটা স্থবির হয়ে আছে। এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফ্রান্সের পক্ষ থেকে এ মন্তব্য এল।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই