ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় অগ্রগতি আনতে যুক্তরাষ্ট্রকে কঠোর অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল আলইয়ানভ বলেছেন, ‘ব্ল্যাকমেল’ বা ‘আলটিমেটাম’ ভিত্তিক কৌশল পরিহার না করলে আলোচনায় ইতিবাচক ফল পাওয়া কঠিন হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র প্রায়ই সামরিক শক্তি প্রয়োগের হুমকি এবং কঠোর নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আলোচনায় চাপ সৃষ্টি করে। তবে এই ধরনের চাপ প্রয়োগ ইরানের ক্ষেত্রে কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রুশ এই কূটনীতিক আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত এই ধরনের কৌশল থেকে সরে এসে বাস্তবসম্মত ও নমনীয় অবস্থান নেওয়া। তিনি হ্যাশট্যাগের মাধ্যমে ‘ব্ল্যাকমেলিং’, ‘আলটিমেটাম’ এবং ‘ডেডলাইন’—এই তিনটি পদ্ধতি পরিহারের পরামর্শ দেন।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সূত্রে এ তথ্য জানা গেছে।
শীর্ষনিউজ