ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযান নিয়ে বাজি ধরে বিপুল অর্থ জেতার অভিযোগে মার্কিন স্পেশাল ফোর্সের এক সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক নামের ওই সেনা গোপন তথ্য ব্যবহার করে বাজি ধরে অনলাইন জুয়ার মার্কেট থেকে ৪ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা) হাতিয়ে নিয়েছেন।
সিএনএন জানায়, বৃহস্পতিবার প্রকাশিত এক অভিযোগপত্র অনুযায়ী, মাস্টার সার্জেন্ট ভ্যান ডাইক গত ডিসেম্বরের শেষ দিকে ‘পলিমার্কেট’ নামের জুয়ার প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলেন। সেখানে তিনি বাজি ধরেন যে, জানুয়ারি মাসের মধ্যে মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। যদিও এই বাজিটি জেতার সম্ভাবনা তখন অত্যন্ত ক্ষীণ থাকলেও ভ্যান ডাইক প্রায় ৩২ হাজার ডলার বাজি ধরেন।
প্রসিকিউটরদের দাবি, ভ্যান ডাইক সরাসরি ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’-এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছানোর আগেই তিনি জানতেন অভিযানটি সফল হতে যাচ্ছে। এই গোপন তথ্য ব্যবহার করে বাজি ধরাকে ‘ইনসাইডার ট্রেডিং’ হিসেবে গণ্য করা হচ্ছে।
তদন্তকারীরা জানান, গত ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ভ্যান ডাইক মোট ১৩টি বাজি ধরেন। মাদুরোকে বন্দি করার মাত্র কয়েক ঘণ্টা আগে শেষ বাজিটি তিনি ধরেছিলেন। বাজি জেতার পর প্রাপ্ত ৪ লাখ ডলার তিনি প্রথমে একটি বিদেশি ক্রিপ্টোকারেন্সি ভল্টে পাঠান। পরে তা নিজের ব্রোকারেজ অ্যাকাউন্টে জমা করেন। মূলত অর্থের উৎস লুকাতেই তিনি এই পদ্ধতি অবলম্বন করেছিলেন।
ফোর্ট ব্র্যাগে কর্মরত এই সেনার বিরুদ্ধে সরকারি গোপন তথ্য চুরি, অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতিসহ পাঁচটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা আদালতের অ্যাটর্নি জে ক্লেটন বলেন, যাদের ওপর রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ব্যক্তিগত লাভের জন্য গোপন তথ্য ব্যবহার করে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।
উল্লেখ্য, গত জানুয়ারিতে এক কমান্ডো অভিযানে কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে নিকোলাস মাদুরোকে বন্দি করে মার্কিন সামরিক বাহিনী। বর্তমানে তিনি নিউইয়র্কে মাদক পাচার সংক্রান্ত মামলায় বন্দি রয়েছেন।
বাজি ধরার প্ল্যাটফর্ম ‘পলিমার্কেট’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই সন্দেহজনক লেনদেন শনাক্ত করার পর বিষয়টি মার্কিন বিচার বিভাগকে জানায় এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করে।
পলিমার্কেট জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে গোপন তথ্য ব্যবহার করে বাজি ধরার কোনো সুযোগ নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, পুরো পৃথিবীটা এখন একটা ক্যাসিনো হয়ে গেছে। ভূ-রাজনৈতিক ঘটনার ওপর বাজি ধরার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।
বর্তমানে মার্কিন কংগ্রেসে জুয়ার মার্কেটগুলো নিয়ন্ত্রণের জন্য এবং সরকারি কর্মকর্তাদের ইনসাইডার ট্রেডিংয়ের শাস্তি আরও কঠোর করতে এক ডজনেরও বেশি বিল প্রক্রিয়াধীন রয়েছে।