Image description

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ অবরুদ্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আর ইরান নিজেদের আর্থিক ক্ষতি এড়াতে এ সমুদ্রপথ খুলে দিতে চাইছে। আপাতত ‘মুখরক্ষা করতে’ হরমুজ প্রণালি বন্ধ রেখেছে তেহরান।

এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প এমন দাবি করেন।

পোস্টে ট্রাম্প লিখেন, ‘হরমুজ প্রণালি বন্ধ থাক, এটা ইরান চায় না। তারা এটা খোলা দেখতে চায়। যাতে তারা প্রতিদিন এখান থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে (প্রণালিটি বন্ধ থাকলে তারা ক্ষতির শিকার হবে!)।’

‘তারা এটা (হরমুজ প্রণালি) বন্ধ রাখতে চায় একটা কারণেই যে, আমি এ পথ পুরোপুরি অবরোধ করে রেখেছি (বন্ধ করে দিয়েছি!)। তাই তারা কেবল মুখরক্ষা করতে চাইছে’—বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘চারদিন আগেই লোকজন আমাকে বলেছিল, “স্যার, ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়।”’

‘কিন্তু আমরা যদি সেটা করি, তাহলে ইরানের সঙ্গে কখনোই কোনো চুক্তি করা যাবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে না দিই!’—হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: আল–জাজিরা