যুক্তরাষ্ট্র কংগ্রেসের একমাত্র ইরান-আমেরিকান ডেমোক্র্যাট সদস্য ইয়াসামিন আনসারি অভিযোগ করেছেন, যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়ার পর থেকে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন তিনি। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, এসব আক্রমণ সত্যের সঙ্গে সম্পর্কিত নয়; বরং ‘ব্যর্থ ও অবৈধ যুদ্ধ’ থেকে মনোযোগ সরানোর উদ্দেশ্যে করা হচ্ছে।
আনসারি জানান, এই হুমকি শুধু তাকে নয়, তার পরিবার ও স্টাফদেরও প্রভাবিত করেছে। এর মধ্যে এআই-জেনারেটেড ছবি ব্যবহার এবং তার পরিবার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনাও রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, তার পরিবার অতীতে ইরানি শাসনব্যবস্থার কঠোরতা ভোগ করেছে, যা তাকে মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করেছে।
ডোনাল্ড ট্রাম্প ও পিট হেগসেথের নেতৃত্বাধীন নীতির সমালোচনা করে তিনি বলেন, তিনি এই ‘অবৈধ যুদ্ধের’ বিরোধিতা করছেন এবং একই সঙ্গে ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান স্পষ্ট করেছেন।
আনসারির দাবি, তার নির্বাচনি এলাকার প্রায় ৭৫ শতাংশ মানুষও এই যুদ্ধের বিরোধী।
সূত্র: আল-জাজিরা