Image description

ইসরায়েলের তেল আবিব শহরে শনিবার রাতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। রবিবার লেবানন সীমান্তের কাছে, কিরিয়াত শমোনা শহরেও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েল এখন চাপের মধ্যে আছে। অনেকেই মনে করছেন, যুদ্ধের পরিকল্পনা ও লক্ষ্য ঠিকভাবে এগোচ্ছে না, বা ধীরে ধীরে থেমে যাচ্ছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে মন্তব্য করার পর আলোচনা আরো বেড়েছে। ইসরায়েল যেন লেবাননে আর বোমা না ফেলে—ট্রাম্পের এ ধরনের নির্দেশনার পর অনেকেই মনে করছেন, যুদ্ধের গতি কমে যেতে পারে বা থেমে যেতে পারে।

এরপর ট্রাম্প আবার ইসরায়েলের প্রশংসা করে একটি পোস্ট দেন। এতে বোঝা যায়, তিনি মিত্র দেশটির প্রতি সমর্থন জানাচ্ছেন এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দিতেই এমন রাজনৈতিক বার্তা দিচ্ছেন।

যেহেতু এ বছরের শেষ দিকে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ট্রাম্প ভালোভাবেই জানেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনসমর্থন বাড়ানো দরকার। 

 

বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে ইসরায়েলের ভেতরে ও বাইরে যুদ্ধ পরিস্থিতি নিয়ে চাপ ও রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এ ছাড়া সামনে নির্বাচন ঘনিয়ে আসায় বিষয়টি আরো জটিল হয়ে উঠছে।