রাজধানীর ধানমন্ডি এলাকায় এক উপসচিবের বাসার গৃহকর্মীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ইসমত আরা (৫০) নামে ওই গৃহকর্মী মারা যাননি। তার অবস্থা শঙ্কামুক্ত বলেও জানা গেছে।
এর আগে সোমবার রাতে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ধানমন্ডি ৪/এ নম্বর রোডের ৭২ নম্বর বাসায় জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) মো. রবিউল ফয়সালের বাসার গৃহকর্মী হিসেবে কাজ করেন।
ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, গৃহকর্তা মো. রবিউল ফয়সাল ঘটনার দিন রাত ৮টার দিকে গৃহকর্মীকে বাসার ভিতরে রেখে পরিবারসহ চীন মৈত্রী শিল্প-বাণিজ্য মেলায় ঘুরতে যান। রাত পৌনে ১২টার দিকে তালা খুলে গৃহকর্মীকে গলা কাটা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরে বিষয়টি তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। সিসিক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গৃহকর্তা জানিয়েছেন, গৃহকর্মী ইসমত আরা অনেক দিন ধরেই তার বাসায় কর্মরত আছেন। প্রায় সময় চুপচাপ থাকতেন। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে গলা কেটেছে কীভাবে? ইসমত আরা কিছুটা সুস্থ হলে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হবে।
শীর্ষনিউজ