ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের কাছে তিনি এ মন্তব্য করেন বলে আজ আল জাজিরার লাইভে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা প্রায় শেষ, হ্যাঁ।’
ট্রাম্প আরও বলেন, ‘মানে, আমি এটাকে প্রায় শেষ হিসেবেই দেখছি।’
মার্কিন প্রেসিডেন্ট আবারও ফক্স নিউজকে বলেছেন, তিনি যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু না করতেন, তাহলে এতদিনে দেশটির কাছে পারমাণবিক অস্ত্র থাকত।
তিনি বলেন, ‘আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনাকে সেখানকার সবাইকে ডেকে পাঠাতে হতো। আর আপনি তা করতে চাইবেন না।
ট্রাম্প বলেন, এই যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে এবং মার্কিন ও ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ থেকে ইরানের পুনর্গঠন করতে ২০ বছর সময় লাগবে।
তিনি বলেন, আমাদের কাজ এখনও শেষ হয়নি। দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী।
ট্রাম্প এমন এক সময়ে এসে যুদ্ধ শেষ হতে যাওয়ার কথা জানালেন যার মাত্র কয়দিন আগে ২১ ঘণ্টার বৈঠকে কোনো সমঝোতা হয়নি। পাকিস্তানে হয়েছিল ইরান ও আমেরিকার ওই বৈঠক।
শিগগিরই ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে হতে যাওয়া এ বৈঠকেও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এ ছাড়া শান্তি চুক্তি ব্যর্থ হওয়ার পর থেকে ইরানে নৌ–অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় তাদের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ তা অতিক্রম করতে পারেনি বলে জানিয়েছে দেশটি।
শীর্ষনিউজ