ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর অবিশ্বাস থাকলেও তা রাতারাতি দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, ইরানি আলোচকরা একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি ‘খুবই আশাবাদী’।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে ভ্যান্স বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই অনেক অবিশ্বাস রয়েছে। এই সমস্যা একদিনে সমাধান করা যাবে না। তবে তিনি আরও জানান, আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধে আলোচনা আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে পুনরায় শুরু হতে পারে। গত সপ্তাহের বৈঠক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ শেষ হতে আরও প্রায় এক সপ্তাহ বাকি রয়েছে। গত সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় ভ্যান্স সরাসরি অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণে হাজারো মানুষ নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: রয়টার্স