যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন। এ কারণেই এ চুক্তিকে ইরান ‘বিজয়’ হিসেবে বিবেচনা করছে।
এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলছে, এ চুক্তিটি ইরানের জন্য একটি বিজয়।
জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই ইরান এতে সম্মতি দিয়েছিল। ফলে আলোচনার প্রক্রিয়ায় তেহরানের অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের ঘোষণার পর দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রথম এ তথ্য জানায়, যা পরবর্তীতে ইসরাইলের সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’ও প্রচার করেছে। সূত্র: আল জাজিরা