ইরান বলেছে, যুক্তরাষ্ট্র আসলে নিজেই নিজের সাথে যুদ্ধবিরতির আলোচনা করছে। বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমে এই মন্তব্য করেন ইরানের এক সামরিক মুখপাত্র। ইরান একটি চুক্তিতে আসতে মরিয়া- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের ঠিক একদিন পরেই এ মন্তব্য আসে তেহরান থেকে।
রয়টার্সের সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থামাতে ওয়াশিংটন একটি ১৫ দফা প্রস্তাব তৈরি করে মঙ্গলবার তেহরানের কাছে পাঠিয়েছে।
কিন্তু এই উদ্যোগকে রীতিমতো বিদ্রূপ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড 'খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স'-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি। তিনি মার্কিন নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, "তোমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই গভীর যে তোমরা এখন নিজেরাই নিজেদের সাথে আলোচনায় বসেছ?"
তিনি আরও বলেন, "আমাদের মতো মানুষ কখনো তোমাদের মতো মানুষের সাথে একমত হতে পারবে না।"
জোলফাকারি সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ওয়াশিংটন স্বীকার করবে যে এই অঞ্চলের স্থিতিশীলতার নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব ইরানের সশস্ত্র বাহিনীর, ততক্ষণ মার্কিন বিনিয়োগ বা যুদ্ধপূর্ববর্তী জ্বালানির দাম, কোনোটাই আর ফিরে আসবে না।