Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধ বন্ধের পরোক্ষ আলোচনার অংশ হিসেবে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে ইরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে বুধবার (২৫ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর ও মিডল ইস্ট আই।

হিব্রু সংবাদমাধ্যমের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ মার্চ) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান কঠোর কিছু আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।

ইরানের পাঁচ দাবি হলা—

  • এই অঞ্চলে পুনরায় হামলা হবে না—এমন নিরেট আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়া।
  • গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দেওয়া।
  • মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করা।
  • যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়া।
  • ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা, বা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

সোমবার (২৩) ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবার তারা (ইরান) বেশ গুরুত্ব দিচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প দাবি করেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে বিরোধের বিষয়ে সম্পূর্ণ এবং সামগ্রিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তবে ট্রাম্পের করা আলোচনার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দেয় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো যোগাযোগ হয়নি দাবি করে ইরান জানায়, তাদের (যুক্তরাষ্ট্র) বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’।