ইরাকের আনবার প্রদেশে একটি আধা-সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, বৈঠকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এই জোটের ওপর বারবার হামলার তীব্র নিন্দা জানান এবং একে “ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন” বলে ঘোষণা করেন।
আইএনএ আরও জানায়, জাতীয় নিরাপত্তা পরিষদ আধা-সামরিক গোষ্ঠীগুলোকে হামলার পাল্টা জবাব দেওয়ার যে অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, বৈঠকে অংশগ্রহণকারীরা তাতে সমর্থন জানিয়েছেন। এছাড়া তারা “গুরুত্বপূর্ণ স্থাপনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কূটনৈতিক মিশন” লক্ষ্য করে হামলার নিন্দা জানান এবং ইরান ও লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ইরাক মার্কিন বাহিনী এবং ইরান-পন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাতের চক্রে আটকা পড়েছে। মার্কিন বাহিনী পিএমএফ-এর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাচ্ছে, যা ইরাকের নিরাপত্তা কাঠামোরই অংশ। অন্যদিকে, আধা-সামরিক গোষ্ঠীগুলো বাগদাদে মার্কিন দূতাবাসসহ দেশের বিভিন্ন কূটনৈতিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে।
সূত্র : আল জাজিরা