Image description

চলমান বিমান হামলার মধ্যে ইরানের কাছে সংযম দেখানোর প্রত্যাশা ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই। খবর আলজাজিরা

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ওপর ধারাবাহিকভাবে প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে, এমন পরিস্থিতিতে সংযমের কথা বলা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, ‘যারা এই আগ্রাসন শুরু করেছে, তাদেরই আগে তা বন্ধ করতে হবে। তারপরই কোনো প্রতিক্রিয়ার প্রশ্ন আসতে পারে।’

এদিকে ইরানের সামরিক বাহিনীও সতর্ক করে জানিয়েছে, দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

চলমান এই উত্তেজনার মধ্যে উভয়পক্ষের বক্তব্যই ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক দফা কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পরই এই অভিযান শুরু হয়।

এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও কিছু সীমাবদ্ধতা আরোপ করে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং সংঘাতের পরিধি বাড়তে থাকে। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও জ্বালানি স্থাপনাও ঝুঁকির মুখে রয়েছে।