Image description

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন মার্কিন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে তাদের দাবি, ঘটনাটি ‘শত্রুপক্ষের হামলার’ কারণে ঘটেনি।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর উদ্ধার অভিযান এখনো চলছে।’

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর গুলির কোনো ভূমিকা নেই।’

 

ইরাক-জর্দান সীমান্তবর্তী তুরাইবিল শহরের কাছে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

ইরান যুদ্ধে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল এই বিমান। এ সময় আরেকটি সামরিক বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

 

এদিকে ইরান দাবি করেছে, তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে এবং এতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এ দাবি নাকচ করেছে।

এই ঘটনার মধ্য দিয়ে ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সামরিক অভিযানে চতুর্থবারের মতো কোনো মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার তথ্য প্রকাশ্যে এলো। এর আগে চলতি সপ্তাহে কুয়েতে মিত্রবাহিনীর ভুল আঘাতে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী।

ওই ঘটনায় মার্কিন বাহিনীর ছয়জন ক্রু নিরাপদে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করতে সক্ষম হন।