Image description

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের আগুন জ্বালাতে আহ্বান জানাতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে এই আহ্বানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে। এএফপির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানাচ্ছে, শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করেছে, ‘দেশে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর চেষ্টা করা হলে জানুয়ারির আন্দোলনের সময়ের চেয়েও কঠোরভাবে প্রতিহত করা হবে।’

 

গত জানুয়ারিতে ইরানের ইসলামি শাসনতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে ওই বিক্ষোভ কঠোরভাবে দমন করে আলি খামেনির প্রশাসন। মানবাধিকারবিষয়ক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির হিসাব অনুযায়ী, ওই বিক্ষোভে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা আরো বেশি।

 

এদিকে ইরানি কর্তৃপক্ষ ওই বিক্ষোভের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা ‘গুপ্ত সন্ত্রাসীদের’ দায়ী করে। তবে কয়েকটি মানবাধিকার সংগঠনের অভিযোগ, ইরানের নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে।