Image description

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন দ্বারপ্রান্তে। আগামী এপ্রিল মাসের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন এই লক্ষ্যে এ সপ্তাহেই ঘোষণা করতে পারেন নির্বাচনী তফসিল।

এ নির্বাচন সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শনিবার কলকাতায় আসছেন। তাঁর এই আসা মূলত নির্বাচনী প্রচারের জন্য। এই মহাসমাবেশ হবে কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কাল দুপুরে। ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে ব্রিগেডকে। এ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে পাল্টানোর দাবি করছে বিজেপি। ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগান তুলেছে বিজেপি। সেই আহ্বান থাকবে মোদির ভাষণেও, রাজ্য বিজেপির নেতাদের কথা তেমনই।

আগামীকাল দুপুরে মোদি এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ভাষণ দেবেন রাজ্যবাসীর উদ্দেশে। বিজেপি আয়োজিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হওয়া নয়টি ‘পরিবর্তনযাত্রা’র সমাপ্তির পর কাল ব্রিগেডে আয়োজন করা হয়েছে এই মহাসমাবেশের। এই মহাসমাবেশে পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচনকে সামনে রেখে ভাষণ দেবেন মোদি। জানা গেছে, এদিন মোদি পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের জন্য ১৮ হাজার ৬৮০ কোটি রুপির রেল, সড়কপথ, বন্দরসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে ৪২০ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এবার সেই বিজেপি ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগান নিয়ে হাজির হবে।

মোদির আগমন ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে পশ্চিমবঙ্গজুড়ে। বিজেপির দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন সড়ক। লাগানো হয়েছে নানা ব্যানার ফেস্টুন।

মোদি এর আগে আলিপুরদুয়ার, দুর্গাপুর, মালদা এবং গত ১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক সিঙ্গুরের সমাবেশে যোগ দিযেছিলেন। কিন্তু গত ২০ ডিসেম্বর মোদির নদীয়ার তাহেরপুরে সমাবেশে যোগদানের কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে মোদি আর তাহেরপুরে যেতে না পারায় দমদম বিমানবন্দর থেকে ভার্চ্যুয়ালি ভাষণ দিয়েছিলেন।

সর্বশেষ এই রাজ্যের বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন হয় ২০২১ সালে। ওই নির্বাচনে বিজেপি ৭৭ আসনে জয়ী হয়। তৃণমূল পায় ২১৩ আসন। বাম দল ও কংগ্রেস কোনো আসনে জিততে পারেনি। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২ আসনের মধ্যে বিজেপি জেতে ১২টি আসনে। যদিও তারা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল ১৮টি আসনে।