ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন নিউইয়র্ক টাইমসের।
বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, বর্তমানে সমুদ্রে থাকা রাশিয়ার তেলবাহী জাহাজগুলোকে বিশ্ববাজারের বিভিন্ন ক্রেতার কাছে তেল সরবরাহের অনুমতি দেয়া হয়েছে। এই ছাড় ১১ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক বাজারে কয়েক শ মিলিয়ন ব্যারেল রুশ অপরিশোধিত তেল ঢুকবে। এর ফলে তেলের দাম কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ইরানকে ঘিরে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরুদ্ধে নেয়া কঠোর অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর আগে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে মস্কোর তেল রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।