ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করেছেন ২ লাখ ৪৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। সে হিসেবে দুই বছরে প্রায় ৮০ হাজার এবং গত বছরের তুলনায় প্রায় ২৪ হাজার আবেদন কমেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ধারাবাহিকভাবে কমে আসায় ঢাবিতে আবেদনের সংখ্যাও কমছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেয়েছেন। এসব ইউনিটে মোট আসন রয়েছে ৬ হাজার ১২৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে ৪০ জনের বেশি জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ইউনিট অনুযায়ী এ সংখ্যা কম-বেশি হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার জন্য আবেদন পড়ে ২ লাখ ৭২ হাজারটি। আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে গত বছরই প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছিল। আর দুই বছরের ব্যবধানে এবার আবেদন কমল ৮০ হাজার ৭৭৬টি। গত বছরের তুলনায়ও ২৩ হাজার ৭৭৬টি আবেদন কমে।
এবার আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এই ইউনিটে ১২০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ৫৭৮ জন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ৮৮.১৫ জন শিক্ষার্থী।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার জন্য আবেদন পড়ে ২ লাখ ৭২ হাজারটি। আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে গত বছরই প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছিল। আর দুই বছরের ব্যবধানে এবার আবেদন কমল ৮০ হাজার ৭৭৬টি। গত বছরের তুলনায়ও ২৩ হাজার ৭৭৬টি আবেদন কমে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত কমিটির তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৯ হাজার ৮৮৯ হাজার জন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৫২ দশমিক ৮২ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১ হাজারটি। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৩৪ দশমিক ৪২টি।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৮০১ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন ২৯ দশমিক ৩৩টি। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৯৫৬ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৫ দশমিক ৮১টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত দায়িত্বশীল এক কর্মকর্তা রবিবার (২৯ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগে এইচএসসিতে এইচএসসিতে ঢালাওভাবে পাস করানোয় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যাও বেশি ছিল। এখন প্রকৃত মেধাবী শিক্ষার্থীরাই পাস করছে। সে কারণে গত দুই বছরে পাসের হার কমায় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সংখ্যাও কমেছে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার আগের বছরের তুলনায় কমেছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, গত বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এক বছরে পাসের হারও কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। ১১টি বোর্ডে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর ছিল ৬৯ হাজার ৯৭ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন, যা আগের বছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদনের সময় শেষ হওয়ার পর আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা—এই পাঁচটি ইউনিট রয়েছে। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর (শনিবার)। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, শনিবার একই সময়ে নেওয়া হবে।
চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। সবশেষে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর (শনিবার) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞানে সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজারের বেশি আবেদন পড়ে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ছিল ৬৩ দশমিক ৬৩। ইউনিটটিতে মোট আসন ছিল ১ হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯০২টি আবেদন জমা পড়ে। আসনপ্রতি আবেদন ছিল ৩৭ দশমিক ৪০টি।
ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৩৫ হাজার ২৭৯টি। আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৫৯টি ছিল। চারুকলায় ১৩০টি আসনের জন্য ৮ হাজার ২৫৮টি আবেদন জমা পড়ে, আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৫২টি। আর আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ১১ হাজার ১৪৭ টি। আসন প্রতি আবেদন ছিল প্রায় ৯২ দশমিক ৮৯টি।