Image description

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভুয়া দলিত-হরিজন সনদ ব্যবহার করে আইন বিভাগে ভর্তির অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে আগে ইস্যু করা সনদটি বাতিল ঘোষণা করেছেন তিনি।

গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

এর আগে, গত ১২ অক্টোবর ‘চৌকিদারের সুপারিশ মেধা তালিকায় ২৭ হাজার তম হয়েও হরিজন সনদে আইনে ভর্তি’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে গত ১ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে ২৭ হাজার ৯৯০তম মেধাক্রম নিয়েও দলিত-হরিজন কোটার সুবিধায় নোবিপ্রবির আইন বিভাগে ভর্তি হন আতিকুর রহমান নামের এক শিক্ষার্থী।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম। কমিটির অপর দুই সদস্য হলেন- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের অধ্যাপক ড. আশিকুর রহমান খান এবং আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. জানে আলম।

তদন্তের বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে হাতিয়ার চর কিং ইউনিয়নে যান। সেখানে ইউপি চেয়ারম্যান ও সব সদস্যের উপস্থিতিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।

তিনি বলেন, ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ তদন্ত কমিটিকে জানান, ভুল করে তিনি ওই সনদ দিয়েছিলেন। এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পরে ইউপি সদস্যদের উপস্থিতিতে আগের ইস্যু করা সনদটি বাতিল ঘোষণা করেন চেয়ারম্যান। তদন্তে ভুয়া সনদ তৈরি করে ভর্তি হওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

অধ্যাপক আশরাফুল আলম আরও জানান, তদন্ত শেষে গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।

ঘটনার প্রেক্ষাপট

২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে ২৭ হাজার ৯৯০তম মেধাক্রম নিয়েও দলিত-হরিজন কোটার সুবিধায় নোবিপ্রবির আইন বিভাগে ভর্তি হন আতিকুর রহমান নামের এক শিক্ষার্থী। অথচ সাধারণ মেধাতালিকায় ওই বিভাগে ভর্তির সুযোগ শেষ হয়েছিল ৪৫৪তম মেধাক্রমে।

জাগো নিউজের অনুসন্ধানে জানা যায়, ভর্তির নির্ধারিত সময়ের ঠিক আগে ২০২৬ সালের ১০ মে হাতিয়ার চর কিং ইউনিয়ন পরিষদ থেকে এবং ৯ জুন উপজেলা প্রশাসন থেকে দলিত-হরিজন সম্প্রদায়ভুক্তির সনদ সংগ্রহ করেন আতিকুর। ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ স্থানীয় এক চৌকিদারের সুপারিশে সনদটি দিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন। ওই সনদের ভিত্তিতেই উপজেলা প্রশাসন থেকে প্রত্যয়নপত্র নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আতিকুরের পরিবার আর্থিকভাবে সচ্ছল এবং তারা দলিত বা হরিজন সম্প্রদায়ের নন। এ নিয়ে জাগো নিউজে প্রতিবেদন প্রকাশের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি তদন্তে নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন।