রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে (বিআইটি) পরীক্ষার সময় বুকে ব্যথা অনুভব করার পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শিক্ষার্থী সুব্রিয়া আল-জাহরা জুমানা। এ ঘটনায় তাকে সময়মতো প্রাথমিক চিকিৎসা বা সিপিআর দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি নারী শিক্ষার্থী হওয়ায় বিদ্যালয়ের কর্মীরা তাকে সিপিআর দেননি বলেও দাবি করেছেন এক সাবেক শিক্ষার্থী। এ ছাড়া ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীদের চুপ থাকতে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারনা জে নামের এক ব্যক্তি এসব অভিযোগ তুলে সুব্রিয়ার মৃত্যুর ঘটনায় জবাবদিহি দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ের উত্তরার শাখায় নিয়মিত পরীক্ষার সময় সুব্রিয়া বুকে ব্যথার কথা জানান। কিন্তু তার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি। পরে তিনি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিতে পড়লেও বিদ্যালয়ের কর্মীরা তাকে সিপিআর দেননি।
ফারনা জে দাবি করেন, হাসপাতালে নেওয়ার পর বিদ্যালয়ের কর্মীরা সিপিআর না দেওয়ার কারণ হিসেবে শিক্ষার্থী মেয়ে হওয়াকে উল্লেখ করেছিলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘সে একজন নারী শিক্ষার্থী’—এই যুক্তিতে সিপিআর হয়নি বলে জানিয়েছেন কর্মীরা।
এ ছাড়া ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীদের চুপ থাকতে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একাধিক ব্যক্তি একই ধরনের তথ্য জানিয়েছেন উল্লেখ করে ফারনা জে লেখেন, ‘একাধিক ব্যক্তি একই অভিযোগ করেন।’
নিজেকে ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিচয় দিয়ে ফারনা জে আরও বলেন, তার সময়েও কোনো শিক্ষার্থী অসুস্থ বা আহত হলে তাকে ভাঙা বিছানায় শুয়ে অপেক্ষা করতে বলা হতো। বছরের পর বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের চিকিৎসাসেবা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত ছিল প্রশিক্ষিত চিকিৎসাকর্মী নিয়োগ করা এবং শিক্ষকদের জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রশিক্ষণ নিশ্চিত করা। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে ক্রমাগত বাড়তি ফি নেওয়া হলেও এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।
সুব্রিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সুব্রিয়া আল-জাহরা জুমানা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রতিষ্ঠানটির শোকবার্তায় বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) জোহরের নামাজের পর বনানী কবরস্থান মসজিদে সুব্রিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। শোকবার্তায় তাকে বিদ্যালয় পরিবারের প্রিয় সদস্য হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনি ভালোবাসা ও স্নেহের সঙ্গে সবার স্মৃতিতে থাকবেন।
এদিকে, সুব্রিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছেন এক অভিভাবক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তার ছেলে এই ঘটনার প্রত্যক্ষদর্শী। একজন অভিভাবক হিসেবে তিনি ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং জরুরি মুহূর্তে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে স্বচ্ছ তদন্ত চান।
তিনি আরও বলেন, শুধু শোক প্রকাশ যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জবাবদিহি, পর্যাপ্ত চিকিৎসাসুবিধা এবং কার্যকর জরুরি সাড়াদান ব্যবস্থা প্রয়োজন। সন্তানের নিরাপত্তার প্রশ্নে কোনো অভিভাবকের আস্থা যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
তবে সুব্রিয়ার মৃত্যুর ঘটনায় অবহেলা, সিপিআর না দেওয়া এবং শিক্ষার্থীদের চুপ থাকতে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা এসব অভিযোগও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ঘটনার প্রকৃত কারণ ও জরুরি মুহূর্তে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।