২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, উচ্চশিক্ষাকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঠ্যক্রম সংস্কার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপাচার্য বলেন, ‘ব্যর্থতার কাছে আত্মসমর্পণ করতে চাই না। আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন উদ্যোগে, নতুন দর্শনে এবং সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষাকে রূপান্তর করতে চাই।’
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিকেন্দ্রীকরণে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সনদ সংগ্রহের জন্য গাজীপুরে আসার বাধ্যবাধকতা কমাতে ইতোমধ্যে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০টি আঞ্চলিক কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বগুড়া, কক্সবাজার, ঠাকুরগাঁও, পাবনা ও দিনাজপুরের বিরামপুরে প্রশিক্ষণ কেন্দ্রসহ স্থায়ী আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। বগুড়া সদরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের জন্য প্রধানমন্ত্রী জায়গা দিয়েছেন। আগামী বছরই এ ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রূপান্তরের অংশ হিসেবে প্রায় ১৫০টি বিষয়ের পাঠ্যক্রম উন্নয়ন ও নবায়নের কাজ চলছে। দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, শিল্প উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মোট ৪ হাজার ২টি কোর্সের মধ্যে ইতোমধ্যে ৫৫০টির সংস্কার সম্পন্ন হয়েছে। ২০২৮ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কার এবং ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি চালুর লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, যোগাযোগক্ষমতা, ইংরেজি ভাষার জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ বর্ষে বিষয়ভিত্তিক কর্মসূচি কোর্স এবং যোগাযোগভিত্তিক ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অ্যাপ্লাইড আইসিটি কোর্সের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা প্রসেসিং, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে।
শিক্ষকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য বলেন, সারাদেশে ১২ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণের আওতায় আনার কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি অংশগ্রহণমূলক, সংলাপভিত্তিক ও সমস্যা সমাধাননির্ভর শ্রেণিকক্ষ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উচ্চশিক্ষায় ভাষাগত দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, জার্মান, ফরাসি ও স্প্যানিশ ভাষা শেখার সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। ইতোমধ্যে ৩০টি কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু হয়েছে। আরও ১০০টি কলেজে ক্লাব প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। ২০২৭ সালের শেষ নাগাদ দেশের ১ হাজার কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘শি স্কিল’ কর্মসূচির আওতায় ৫০ হাজার নারী শিক্ষার্থীকে আইসিটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া শিক্ষাজীবন থেকে ঝরে পড়া তরুণ এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১০ থেকে ১৪ ক্রেডিটের মাইক্রো লার্নিং ও মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে উপাচার্য বলেন, ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পাঁচ বছরে ২ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২৫০টি কলেজে ২ লাখের বেশি গাছ লাগানো হয়েছে। এ ছাড়া ২৫০টি কলেজকে পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের কাজ শুরু হয়েছে। ২০৩০ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো থেকে অন্তত ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সেশনজট কমানোর অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল ৪৭ কার্যদিবসে প্রকাশ করা হয়েছে। আগে এ ধরনের ফল প্রকাশে ৭ থেকে ৮ মাস সময় লাগত। এসব উদ্যোগের ফলে ইতোমধ্যে প্রায় এক বছরের সেশনজট কমানো সম্ভব হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছি এবং আপনাকে সেটির নিশ্চয়তা আমি প্রদান করছি।
পরীক্ষার কারণে কলেজের নিয়মিত পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রাথমিকভাবে ৩০০টি এবং পর্যায়ক্রমে দেশের ৫০০টি উপজেলায় ন্যাশনাল এক্সাম সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য। এসব কেন্দ্রে বিভিন্ন পাবলিক পরীক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আয়োজন করা গেলে কলেজগুলো সারা বছর খোলা রেখে নিয়মিত পাঠদান চালানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।
বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপাচার্য। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের মাত্র ৩০ শতাংশ শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হয়। ৫৬ শতাংশ কলেজে কখনো শিক্ষার্থীদের উপস্থাপনার আয়োজন করা হয় না এবং ৬৫ শতাংশ কলেজে গ্রুপ ওয়ার্ক হয় না। মাত্র ৪২ শতাংশ শিক্ষার্থী শিক্ষকদের কাছ থেকে ফিডব্যাক পায়। এ ছাড়া ৮৪ শতাংশ শিক্ষার্থী কখনো ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লেখেনি।
তিনি বলেন, শিক্ষার্থীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার নিরাপত্তা, মেকাট্রনিক্স, এভিয়েশন ম্যানেজমেন্ট, অ্যালাইড হেলথ সায়েন্স, ডিজিটাল মার্কেটিংসহ চাহিদাসম্পন্ন আধুনিক বিষয়ে পড়তে আগ্রহী। তাই ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ কিংবা রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে নতুন বিষয় অনুমোদনের পরিবর্তে শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নেওয়া প্রয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী ও আড়াই হাজারের বেশি অধিভুক্ত কলেজের সক্ষমতা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্য সামনে রেখে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় রোডম্যাপ ২০৩০’-এর খসড়া তৈরি করা হয়েছে।