Image description

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সিলেটের এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন ময়মনসিংহ জেলার বাসিন্দা সেলিনা আক্তার। গত ১৩ সেপ্টেম্বর বদলি আবেদন শেষ হলেও ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বেসরকারি এমপিওভুক্ত এই শিক্ষিকা। তিনি বলেন, ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে।’

আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দের ব্যানারে’ আমরণ অনশনে বসেন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত নারী শিক্ষকরা। অনশনে বসেই এই মন্তব্য করেন সেলিনা আক্তার।    

তিনি বলেন, ‘বদলির আদেশ না হওয়ায় আমার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এবং আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও প্রায় তিন মাস হতে চলছে, অথচ বদলির আদেশ জারি হচ্ছে না।’

সেলিনা আক্তার বলেন, ‘আমি যখন চাকরিতে যোগদান করি, তখন আমার সন্তানের বয়স ছিল চার বছর এবং বর্তমানে সে চতুর্থ শ্রেণিতে পড়ে। কর্মক্ষেত্রে থাকাকালীন সন্তানকে ঘরে তালা দিয়ে রেখে যেতে হতো। কখনো মাঝেমধ্যে সাথে করে নিয়ে যেতাম। এতে সন্তানের শৈশব ও জীবন একটি উন্মুক্ত কারাগারের মধ্যে বন্দি হয়ে পড়েছেল। সন্তানের সুস্থ জীবনের জন্য পরিবারের কাছে থাকা জরুরি। শুধুমাত্র এই বদলির কারণে আমার সংসার ভেঙে যাচ্ছে এবং সংসারে ভুল বোঝাবুঝির কারণেই আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি।’

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়ে সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বারবার যাওয়ার পর শিক্ষামন্ত্রী আমাদের বদলির আবেদন নিয়েছেন, সেজন্য প্রথমে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশায় থাকতে থাকতে আমরা প্রতি সপ্তাহে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি এবং তিনি বদলি হবে বলে আশ্বস্ত করলেও তিন মাস হতে চলেছে। এখনো আদেশ জারি হয়নি, কেন জারি হচ্ছে না তা আমরা জানি না।

জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারির দাবিতে আজ বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেন নারী শিক্ষকরা। তাদের দাবি দ্রুত বদলির আদেশ জারি করা।

এদিকে গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়। সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলোয় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শিক্ষকরা। তারা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তন করতে চাইলে করা হোক, তবে নীতিমালা পরিবর্তনের নামে কালক্ষেপন করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপন করে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।