Image description
অভিযুক্ত নাজমুল হাসান ও সামির © টিসিডি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক আবাসিক হলে মাদকের অভিযান চলার সময়ে তেড়ে এসে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের একজনকে বুকে ধাক্কা এবং অপর শিক্ষককে কলার ধরে আঘাতের মাধ্যমে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ ফরহাদ হোসেন হলের নিচতলার সি-ব্লকের ১০৪ নম্বর কক্ষে মাদকের অভিযান চালানোর মুহুর্তে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই দুই শিক্ষার্থী হলেন, ২৪-২৫ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের নাজমুল হাসান। অপরজন ২৩-২৪ সেশনের ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সামির নামের এক শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর চবির প্রক্টরিয়াল বডি কর্তৃক পরিচালিত রুম উদ্ধার ও মাদকনির্মূল অভিযানের প্রেক্ষিতে হলটির সি-ব্লকের ১০৮ নং কক্ষ সিলগালা করা হয়।  এসময় অবৈধভাবে কক্ষ দখলকারী হিসেবে নাম উঠে আসে নাজমুল হাসানসহ একাধিক ব্যক্তির। এ নিয়ে হল ত্যাগের প্রশাসনিক বিবৃতি দেওয়া হলেও তিনি কক্ষ ছাড়ছেন না।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, মাদকের অভিযানকালে উপস্থিত আবাসিক হলটির শতাধিক শিক্ষার্থী, সহকারী প্রক্টরগণ ও চবির নিরাপত্তাকর্মীদের সামনে হলের হাউজ টিউটর ও চবির দর্শন বিভাগের প্রভাষক বাপ্পারাজ হাওলাদার এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রভাষক হান্নান মিয়াকে শারীরিকভাবে হেনস্তা ও অপমান করা হয়।

লাঞ্ছনা ও হেনস্তার স্বীকার দর্শন বিভাগের প্রভাষক বাপ্পারাজ হাওলাদার বলেন, ‘ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটি আমাদের প্রত্যাশার বাইরে ছিল। আমরা তথ্য অনুসারে সেখানে অভিযান চালাতে গিয়েছিলাম। আমাদের সাথে সহকারী প্রক্টর স্যার ও তার অন্যান্য টিমের সদস্যরা ছিলেন, সবাইকে নিয়েই আমরা যাচ্ছিলাম। যখন সি-ব্লকের ১০৪ নম্বর কক্ষে প্রবেশ করতে যাই, তখন দুজন শিক্ষার্থী আমাদের অতর্কিতভাবে ধাক্কা দেয় এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে আমরা ভেতরে প্রবেশ করতে না পারি। 

তিনি আরও বলেন, ‘তারা এক ধরনের বাধা ও বিঘ্নতা তৈরি করে। পরবর্তীতে তাদের সাথে কথা বললে একপর্যায়ে বাগবিতণ্ডা হয়। তাদের আচরণ অনেকটাই আগ্রাসী ছিল। আমরা বারবার বলতে চাচ্ছিলাম যে আমরা হাউজ টিউটর, কিন্তু তারা তা খেয়ালও করেনি। তারা এতটাই আগ্রাসী ছিল যে আমাদের ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে চাইছিল। পরবর্তীতে প্রক্টর স্যার ও তার টিম এসে আমাদের উদ্ধার করেন এবং তাদের সাথে পরবর্তী কথা হয়।’

তিনি আরও বলেন, ‘এ বিষয় নিয়ে প্রভোস্ট স্যারের সাথে কথা বলেছি এবং এরপর যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা তা নেব।’

চবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রভাষক হান্নান মিয়া বলেন, ‘মাদকের অভিযান শুরুর সময় আমার কলার ধরে ধাক্কা দিয়েছে। সেখানে হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড বরাবর লিখিত অভিযোগ দায়ের করব।’

ঘটনাস্থলেই অভিযুক্ত ওই দুই শিক্ষার্থী দাবি করেন, ‘আমরা চিনতে পারিনি তিনি যে আমাদের হাউজ টিউটর।’

অন্যদিকে হলটির আবাসিক শিক্ষার্থীদের দাবি, তারা প্রায় এক বছর ধরে হলের হাউজ টিউটর হিসেবে যুক্ত রয়েছেন।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান গতকাল রাতে বলেন, বিষয়টি আমি জানি। এখন কোনো মন্তব্য করবো না। আগামীকালকে এ বিষয়ে কথা বলবো।