রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চীনে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করার পর শুক্রবার এ মন্তব্য করেন তিনি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, পুতিনকে কী বলে সম্বোধন করবেন, তা ট্রাম্পের বিষয়। তবে ইউক্রেনের কাছে পুতিন শত্রু এবং একজন খুনি। তার ভাষায়, বিশ্বের অধিকাংশ মানুষের কাছেও পুতিন একজন খুনি, কারণ তিনি প্রতিদিন ও প্রতিরাতে মানুষ হত্যা করছেন।
জেলেনস্কি আরও বলেছেন, পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার অর্থ হলো, তিনি যথেষ্ট চাপ অনুভব করছেন না।
বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। তাদের মধ্যে বহু বছর ধরে ‘চমৎকার সম্পর্ক’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, পুতিন যুদ্ধের অবসান চান। জেলেনস্কিও যুদ্ধ শেষ করতে চান বলে মন্তব্য করেন তিনি। দুই নেতার সঙ্গে নিজের সম্পর্ককে এ ক্ষেত্রে ইতিবাচক হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তবে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।
শুক্রবার রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৯ জন নিহত হয়েছেন। কিয়েভের সেতু ও বিভিন্ন রেলস্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়। জেলেনস্কি একে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ১১০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ২৭টি ব্যালিস্টিক, এবং ৪০০টির বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
এদিকে শুক্রবার ভোরে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করা তিনটি বস্তুর মধ্যে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এ ঘটনাকে ‘উসকানি’ হিসেবে বর্ণনা করেছে ওয়ারশ।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। ঘটনার পর ন্যাটোর যুদ্ধবিমানও আকাশে পাঠানো হয়। তবে এ বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র : বিবিসি