Image description

ফরিদপুরের মধুখালীতে এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার খাতায় সরকারের কাছে ‘বউ’ চেয়ে উত্তরপত্র ভরাট করেছেন দ্বাদশ শ্রেণির এক ছাত্র। এ ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত ছাত্রের নাম ফয়সাল আলী (১৮)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে এবং স্থানীয় সরকারি আইনউদ্দীন কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার্থী।

গত ‎মঙ্গলবার (১০ নভেম্বর) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এর আগে পরীক্ষার খাতা মূল্যায়ন করার সময় কলেজের ইসলামী ইতিহাসের শিক্ষক বিষয়টি দেখতে পেয়ে কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান।

‎কলেজ সূত্রে জানা গেছে, এক মাস আগে কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষ হয়। সরকারি আইনউদ্দীন কলেজে অন্য শিক্ষার্থীদের মতো দ্বাদশ শ্রেণির ছাত্র ফয়সাল আলীও পরীক্ষায় অংশ নেয়।

‎‎‎গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ইতিহাস পরীক্ষার খাতায় ওই ছাত্র লিখেছেন, ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই, তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।’

‎এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ফয়সাল আলীর ও তার বাবা কুবাদ আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

‎এ বিষয়ে মধুখালী সরকারি আইনউদ্দীন কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘প্রায় ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তিন-চারদিন পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে ওই ছাত্রের খাতায় এসব লেখাগুলো দেখতে পাই। পরবর্তীতে কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবগত করি। আসলে বিষয়টি খুবই দুঃখজনক। একজন ছাত্রের কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের লেখা খুবই লজ্জাজনক।’

‎‎মধুখালী সরকারি আইনউদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকারও দুঃখ প্রকাশ করে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক, লজ্জাজনক। এমন শিক্ষা শিক্ষার্থীদের কখনোই দেওয়া হয়নি।’

‎তিনি বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

‎এ বিষয়ে জানতে চাইলে ‎মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’