ঢাকা মহানগরীসহ দেশের যেকোনো প্রান্তের যেকোনো কলেজে আকস্মিক পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে সামনে রেখে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
রবিবার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি, টয়লেট, খেলার মাঠ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামো ও স্যানিটেশন ব্যবস্থা সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ছাড়া দাপ্তরিক নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার হালনাগাদ রাখা, প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শিক্ষার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জরুরি ভিত্তিতে প্রকাশের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।