Image description

র‍্যাগিংয়ের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে এক শিক্ষার্থীকে দুই বছর এবং ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ডে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।

সভার একাধিক সদস্য সূত্রে জানা যায়, ২১ জুলাই ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগ দেওয়া সময় মুশফিকুর রহমান তুহিন নামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, পরে তাকে জরুরি অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পরের দিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ডে তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে সভার ৭৭.২০ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী মোট ৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাত কর্মদিবসের মধ্যে পিতা-মাতাসহ কর্তৃপক্ষের কাছে মুচলেকা জমা নেওয়ার সিদ্ধান্তও ওই সভায় হয়েছে বলে জানা যায়।

রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. নাজমুস সাকিবকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জাহিদ হোসেন সরকার এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মিসকাত জাহান মুসফিক, ইউনুস হোসেন হিরাত, সাইদুর রহমান সিফাত ও সানোয়ার হোসেন তানিম এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসতিয়াক আহমেদ ইফতিকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। অন্যদিকে, ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাজমিম তন্নীকে ১০ হাজার টাকা এবং সোহানুর রহমান সিফাতকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থীর বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র‍্যাগ দেয় সিনিয়র শিক্ষার্থীরা।

একপর্যায়ে মানসিক চাপে মুশফিকুর রহমান তুহিন নামের এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টার দিকে তাঁকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শীর্ষনিউজ