Image description

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কলেজ কর্তৃপক্ষ ও কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সমঝোতায় কনসার্ট ইস্যুর অবসান হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এক বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তৃপক্ষের সমঝোতার পর এ ইস্যুর অবসান হয়।

বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের আব্দুল খালেকের নেতৃত্বে সাত-আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, নবীনবরণ ও আলোচনা সভা কলেজের মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটি কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তি হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নবীনবরণ মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক পরিবেশনা দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

তবে বৈঠকের পর কওমি ছাত্র ঐক্য পরিষদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে দাবি করা হয়, সরকারি কলেজ মাঠে কোনো কনসার্ট হবে না, কেবল নবীনবরণ অনুষ্ঠান হবে। স্মারকলিপি প্রদানের পর সংসদ সদস্যের হস্তক্ষেপে সাধারণ শিক্ষার্থী ও কর্তৃপক্ষ তাদের কনসার্ট স্থগিতের দাবি মেনে নিয়েছে বলে তারা উল্লেখ করে।

 

এ বিষয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের প্রতিনিধি আব্দুল খালেক বলেন, ‘আমরা এমপি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। সরকারি কলেজের (মূল) মাঠে কোনো কনসার্ট বা গান-বাজনা হবে না।’

 

দক্ষিণ ক্যাম্পাসের অনুষ্ঠান বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কোনো ধরনের ‘অশ্লীলতা হবে না’ এমন শর্তে ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান করার বিষয়ে তারা একমত হয়েছেন।

 

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জানান, কলেজের প্রতিনিধি ও মাদরাসার ছাত্রদের নিয়ে আমরা বসেছিলাম। একটি শান্তিপূর্ণ সমঝোতা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, সেখানে নির্ধারিত সাংস্কৃতিক ও গানের অনুষ্ঠান আয়োজন করা হবে। মূল ক্যাম্পাসে কনসার্ট না করে দক্ষিণ ক্যাম্পাসে শর্ত সাপেক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তটিই উভয় পক্ষের সমঝোতার মূল ভিত্তি হিসেবে চূড়ান্ত হয়েছে।