ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান আলিম পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, কেন্দ্র পরিদর্শনের সময় রানিখার এমদাদুল বাড়ি আলিম মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা এমসিকিউ উত্তরের একটি কাগজ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে তিনি পাঁচজন পরীক্ষার্থীকে নকল করতে সহযোগিতা করেছেন বলে প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি চলতি বছরের আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ে অংশগ্রহণ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।
পরে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর আওতায় শিক্ষক মুহাম্মদ মনির হোসেনকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।