Image description

দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক এবং একাধিকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ (রোববার) প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে ফল প্রকাশ উপলক্ষে যৌথ সংবাদ ব্রিফিং করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএস, অনলাইন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার পরপরই ফল অনলাইনে প্রকাশ করা হবে। একই সঙ্গে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, যেকোনো মোবাইল অপারেটর টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক থেকে মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এ ছাড়া বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিল। নীতিমালা নিয়ে আইনি জটিলতা, পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশে বিলম্বের পাশাপাশি আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফল অনলাইনে উন্মুক্ত হয়ে যাওয়ায় নতুন করে ‘ফল ফাঁস’ বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। পরে ঈদুল ফিতরের আগে, ঈদের পরে এবং সর্বশেষ জুন মাসের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়। সর্বশেষ ৯ জুলাই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলেও আগাম ফল প্রকাশের ঘটনার কারণে সেটিও স্থগিত করা হয়। সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।